back to top
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Single Page Top Banner

পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমপি সাঈদ আল নোমানের সেবা

চট্টগ্রাম ব্যুরো:

তীব্র গরমে সদ্য শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বস্তি দিতে চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বোতলজাত পানি, ছায়াযুক্ত স্থান ও আরামদায়ক বসার ব্যবস্থা করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গত বছরের মতো এবারও এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সংসদ সদস্যের একাধিক বিশেষ প্রতিনিধি দল নগরীর ১০টি পরীক্ষাকেন্দ্রে এসব সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে। মাসব্যাপী এই পরীক্ষা চলাকালে বিরতিহীনভাবে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। তীব্র এই কাঠফাটা রোদে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের ভোগান্তি কমাতে পরীক্ষার কেন্দ্রের একটু দূরে ছায়াযুক্ত বিশ্রামাগার এবং পর্যাপ্ত নিরাপদ বোতলজাত পানির ব্যবস্থা রাখা হয়েছে। সাঈদ আল নোমানের নির্দেশে তাঁর স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত বছরের মতো এবারও জনবান্ধব এই উদ্যোগটি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান জানান, তীব্র গরমের এই প্রতিকূল পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য যেমন বড় একটি চ্যালেঞ্জ, তেমনি বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষারত অভিভাবকদের জন্যও বেশ কষ্টের। একজন দায়বদ্ধ জনপ্রতিনিধি হিসেবে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বজায় রাখা এবং একটি সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, প্রচণ্ড গরমে নিজেদের শরীরের যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। পরিশ্রম আর বাবা-মায়ের দোয়ায় শিক্ষার্থীরা নিশ্চয়ই সফল হবে বলে আশা প্রকাশ করে সবার জন্য গভীর শুভকামনা ও দোয়া জানান সাঈদ আল নোমান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত