চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালো রঙের মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিল। মাইক্রোবাসটি চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়।
পরে এটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।


