চট্টগ্রাম মহানগরে একদিনের বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
এই বৃষ্টিতে নগরীর প্রর্বতক মোড় সড়ক, মুরাদপুর, চকবাজার কাপাসগোলা, কাঁচাবাজার, কাতালগঞ্জ, রহমতগঞ্জসহ কয়েক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। পথ চলাচল করতে না পেরে অধিকাংশ মানুষকে সড়ক পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে দেখা গেছে।
দুপুর ১টার পর বৃষ্টি থামলে যাত্রী ভোগান্তি ও দুর্ভোগ আরও চরমে পৌঁছে। একদিকে এসএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বের হয়েছে বাসায় যাওয়ার জন্য, তারওপর যাত্রী সাধারণ নেমেছেন পথে। এমন অবস্থায় সড়কের জলাবদ্ধতা ডিঙ্গিয়ে পথ চলাচলে সীমাহীন দুর্গতিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, প্রবর্তক মোড়ে জলাবদ্ধতার কারণ হচ্ছে হিজড়া খাল খনন ও নালা সংস্কারের চলমান কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আমাদের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। তারপরও মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


