নগরীর লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর জমে উঠেছে। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে উঠেছেন কুমিল্লার দুই বলী গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ এবং রানারআপ রাশেদ বলী। একই এলাকার রাশেদকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ১০৮ জন বলীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। একের পর এক লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন বাঘা শরীফ ও রাশেদ বলী।
ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই জন। ২৪ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মিঠু ও রাশেদ।
এ খেলায় মিঠুকে হারিয়ে রাশেদ ফাইনালে যান। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাঘা শরীফ ও শাহ জালাল। যদি সমঝোতার ভিত্তিতে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ফাইনালে মুখোমুখী হন গতবারের দুই ফাইনালিস্ট বাঘা শরীফ ও রাশেদ। এ নিয়ে টানা তিন আসরে ফাইনালে মুখোমুখী হয়েছেন তারা। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতেছেন মিঠু। খেলা শেষে জয়ীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত।


