চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়ায় প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওই শ্রমিকের নাম মো. ইউসুফ (৬৪)।তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় অবস্থিত মো. নুরনবীর মালিকানাধীন প্রভিটা ফিড কারখানায় সনাতন পদ্ধতিতে হাতে ও মাথায় ফিড ভর্তি অত্যন্ত ভারি বস্তা বহন করে ট্রাকে তোলার সময় বস্তা শরীরের ওপর পড়ে গুরুতর আহত হন মো. ইউসুফ নামের এক বৃদ্ধ শ্রমিক।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


