দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় মহাতারকা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। বিজয়ের সাথে নতুন মন্ত্রিসভার আরও ৯ জন মন্ত্রীও আজ শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যটিতে বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর নেতৃত্বে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন কয়েক লাখ ভক্ত ও সমর্থক। বিজয়ের শপথ অনুষ্ঠানে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিজয়ের এই রাজনৈতিক উত্থানকে দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গতকালই তিনি রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের চূড়ান্ত দাবি জানিয়েছিলেন।
গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তাকে পাঁচটি দলের সাথে জোট গঠন করতে হয়েছে।


