back to top
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Single Page Top Banner

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল (বুধবার, ১৩ মে) রাতে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইয়াসিন চৌধুরী সাংবাদিকদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন— মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ। তারা রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দররাজার পাড়া এলাকার বাসিন্দা।

তিনি বলেন, ‘চার ভাই বুধবার সন্ধ্যায় বারকা এলাকায় ছিলেন এবং পরে মুলাদ্দাহর দিকে রওনা হন। গতকাল স্থানীয় সময় রাত ২টার দিকে মুলাদ্দাহর একটি ক্লিনিকের সামনে পার্ক করা একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’

ইয়াসিন জানান, রাত ৮টার পর এক ভাই বারকায় বসবাসকারী এক আত্মীয়কে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি বলেন যে, তারা গুরুতর অসুস্থ বোধ করছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি তাদের লোকেশনও শেয়ার করেছিলেন।

পরে রাত ১টার দিকে দুই বাংলাদেশি প্রবাসী পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি খুলে মরদেহগুলো উদ্ধার করে।

ইয়াসিন বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করার পর তারা চিকিৎসার জন্য ক্লিনিকের দিকে গাড়ি চালিয়ে গিয়েছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দুজনের আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাদের মৃত্যু হয়েছে। রাতের দিকে তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ তারিখ (শুক্রবার) তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

এদিকে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত নিহতদের আরেক ভাই মোহাম্মদ এনামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লালানগর ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন জানান, চার ভাইয়ের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও জানান, মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত