২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে এবং শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।


