back to top
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Single Page Top Banner

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তরুণীকে ৫ তলা থেকে ফেলে হত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের খুলশী থানাধীন একটি বেসরকারি হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে রিয়া আক্তার রিতা (২০) নামের এক পোশাকশ্রমিক তরুণীকে হত্যার অভিযোগে আবদুর রহমান শেখ (২১) নামের যুবককে গ্রেপ্তার করেছে খুলশি থানা পুলিশ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে জানা যায়।
আজ সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সোনাগাজী মডেল থানা এলাকার বাদামতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুর রহমান শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। সে চট্টগ্রামের আকবরশাহ থানার ফয়েজ লেক আবদুল হামিদ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিয়া আক্তার রিতা নগরের পাহাড়তলী এলাকায় থেকে সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় চাকরি করার সুবাদে আবদুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রায় তিন-চার মাস আগে মারামারির ঘটনায় আবদুর রহমানের চাকরি চলে যায়। এরপরও সে বিভিন্ন সময় রিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

খুলশী থানা পুলিশ জানায়, শনিবার (২৩ মে) রাতে কারখানা ছুটির পর কৌশলে রিয়াকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায় আবদুর রহমান। পরে ‘গুরুত্বপূর্ণ কথা’ বলার অজুহাতে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আবদুর রহমান। পাঁচতলা থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের মা মোছাঃ জমিলা বেগম (৫১) বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা এই মামলায় আবদুর রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পর পরই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক চৌকস দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে অজ্ঞাতনামা আর কেউ জড়িত আছে কিনা, তা শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত