চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সভার বিভিন্ন ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি।
স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এ সভার আয়োজন করে ছাত্রলীগের ফটিকছড়ি উপজেলা শাখা। সভায় সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সময়ে মামলায় জড়ানো ও কারাভোগ করা নেতাদের অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে কয়েকজন স্থানীয় ছাত্রলীগ নেতাকে বক্তব্য দিতে দেখা যায়। তাদের পেছনে টাঙানো ব্যানারে ‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’ লেখা ছিল। ছবিগুলোতে সভাস্থলে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায়।
পুলিশ জানায়, সভার খবর পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছে। সভায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নিষিদ্ধ সংগঠনের ওই সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে জড়িত দুই জনকে রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।


