back to top
রবিবার, জুন ৭, ২০২৬
Single Page Top Banner

সাংবাদিকের বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সাংবাদিক কায়সার হামিদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক কায়সার হামিদ বর্তমানে দৈনিক সমকালের লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোররাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। তাদের মধ্যে তিনজন ছাদ বেয়ে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা বাড়ির বাইরে অবস্থান নিয়ে আশপাশের গতিবিধি পর্যবেক্ষণ করছিল, যাতে কেউ বাইরে বের হতে না পারে।

সাংবাদিক কায়সার হামিদ জানান, পেশাগত কারণে তিনি স্ত্রীসহ লোহাগাড়ায় অবস্থান করছিলেন। বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ছিলেন। সম্প্রতি গরু বিক্রির টাকা এবং কিছু স্বর্ণালংকার বাসায় রাখা ছিল।

তিনি অভিযোগ করে বলেন, ডাকাতির সময় আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহিমকে ১০ থেকে ১৫ বার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কলব্যাক করেন। তখনও তাকে ঘটনাস্থলে দ্রুত ফোর্স পাঠানোর অনুরোধ করা হয়। তবে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ কারণে পুলিশি সহযোগিতা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের রোডপাড়া এলাকা এবং পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় এক কিলোমিটার এলাকায় গত ১০ দিনে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় লামা ও চকরিয়া থানা পুলিশের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ নিয়ে তাকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত