মোহাম্মদপুরের আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— রুবেল, আমির, কাশেম, মো. জয়। গুলিবিদ্ধ হয়েছেন, রুবেল ও আমির।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও এসআই তরুণ আহত হন।
তিনি বলেন, আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে।


