পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে তিন ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনায় চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার বাসিন্দা। তার পরিবারের ফ্ল্যাট নং-এ/১, ফ্ল্যাট নং-বি/১ এবং ফ্ল্যাট নং-সি/১-এ গত ৭ জুন ভোররাতে চুরি হয়। রাত ৪টার দিকে কন্যা জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে চোর দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন।
এরপর তারা দেখতে পান, ফ্ল্যাট বি/১ এর ড্রয়িংরুমের জানালার রড ভাঙা এবং ফ্ল্যাটের বিভিন্ন কক্ষের মালামাল মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফ্ল্যাট এ/১ এর বেডরুমের আলমারির ড্রয়ারে থাকা ৪ ভরি ওজনের ২টি স্বর্ণের চুড়ি, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৪ ভরি ওজনের ৪টি রুপার কয়েন, ১ ভরি ওজনের ১টি ডায়মন্ডের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি রুপার চেইন ও ১টি রুপার আংটি, ৪টি বিদেশি লেডিস পার্স ব্যাগ, নগদ-৭০ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস; ফ্ল্যাট বি/১ এর আলমারির ড্রয়ারে থাকা ২টি অপ্পো ও স্যামসাং কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং ফ্ল্যাট সি/১ এর টেবিলের ড্রয়ারে থাকা বিভিন্ন ডাক্তারি সরঞ্জাম, ১টি লেডিস পার্স ব্যাগ চুরি হয়েছে।
পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ ১৫ জুন রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত ১টি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যে ১৬ জুন সকাল ৮টায় মৌলভীবাজারের রাজনগর থানাধীন কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসামিদের তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাতে কোতোয়ালী থানাধীন একটি স্বর্ণের দোকান হতে চোরাইকৃত স্বর্ণালংকারের ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এদিন রাতে খুলশী থানাধীন আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে তাদের বর্তমান আস্তানার বসতঘরে অভিযান চালিয়ে ৪টি রুপার কয়েন, ২টি রুপার চেইন, ২টি রুপার নূপুর, ২টি লেডিস পার্স ব্যাগ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাঁচলাইশ মডেল থানার এসআই মো. রিয়াদ উছ সালেহীন জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।


