চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আশ্বস্ত করে বলেন, বিএনপি সরকার গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
পরে সাঈদ আল নোমান লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকার ঝুঁকিপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মোঃ এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মোঃ রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ, মো:ফারুক সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।তারা পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন।


