রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এর আগে গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে রুলসহ আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে, গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তবে নোটিশে কাজ না হওয়ায় গত ২০ জানুয়ারি রিট করেন তিনি।
আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকেই রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোররা স্কুলে যাতায়ত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়। এতে রোজা রাখবার অভ্যাস হতে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজানে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।


