দুই ভাইয়ে মিলে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই, হামলাসহ করে বেড়াতো নানান অপকর্ম। মিনহাজ উদ্দিন রাহিম আর আমির হোসেন সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই। গত ২০২৪ সালের ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন ডবলমুরিং থানা আক্রমণ হয়, তখন আক্রমণকারীদের সাথে মিশে তারা থানা থেকে একটি ৯ এমএম পিস্তল লুট করে। লুটের এই পিস্তলটি ব্যবহার করে দুই ভাই নানা অপরাধ অপকর্ম করে বেড়িয়েছে। তবে লুটের পিস্তলটি বেশিদিন আর হজম করে রাখতে পারেনি। নগর পুলিশের বিশেষ একটি অভিযানে অবশেষে পিস্তলটি উদ্ধার হয়েছে।
লুট করা পিস্তলটিসহ মিনহাজ উদ্দিন রাহিমকে গ্রেফতার করেছে নগর পুলিশ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে সিএমপির উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানার মতিঝর্না এলাকা থেকে মিনহাজ উদ্দিন রাহিমকে আটক করা হয় । মিনহাজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার চাচাতো ভাই আমির হোসেনসহ ডবলমুরিং থানা থেকে ১টি বিদেশী পিস্তল লুট করেছিল। পিস্তলটি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ব্যবহার করে আসছে। পিস্তলটি বর্তমানে আমির হোসেনের বাসায় লুকানো আছে। মিনহাজের দেয়া তথ্য মতে পুলিশ আমির হোসেনের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ এমএম বিদেশী তরাশ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। আমির হোসেন পালিয়ে যান।
তিনি আরও বলেন, আামির হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তাছাড়া মিনহাজ নগরে ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।


