চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা থেকে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও তার সহযোগী মো. আফসার (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় নেওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।


