back to top
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Single Page Top Banner

রাউজানে গাছ পড়ে এক সিএনজি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার এজাহার মাস্টার সেতু সংলগ্ন রাউজান-নোয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতিশ মাস্টার বাড়ির বজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, কালবৈশাখী ঝড়ের কারণে রাউজান-নোয়াপাড়া সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়েছিল। অটোরিকশা চালক শংকর গাড়ি থামিয়ে সড়কের ওপর থেকে সেই গাছটি সরাতে যান। ঠিক সে সময়ই আচমকা আরেকটি গাছ ভেঙে সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নেপাল দাশ জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও শংকর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গাছ চাপা পড়ার খবর পেয়ে তারা নোয়াপাড়া যান এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত