কর্ণফুলী উপজেলায় পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের (শাহ আমানত সেতু) প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) ও তাঁর পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে যাচ্ছিলেন বিধান মল্লিক ও তাঁর বাবা দুর্গাপদ মল্লিক। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন।
কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, দুর্ঘটনায় দুর্গাপদ মল্লিক নামে একজন ঘটনাস্থলেই মারা গেছেন, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়।


