চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসক ডা. এশফাকুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নিহাদ শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
এর আগে গত ২১ মে রাতে সন্ধ্যাকালীন দায়িত্ব পালন শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে চান্দগাঁও রেসিডেন্সিয়াল এলাকায় হামলার শিকার হন ডা. এশফাকুল ইসলাম। এ ঘটনায় তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন বলেন, ইন্টার্ন চিকিৎসক ডা. এশফাকুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নিহাদ শাহরিয়ারকে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চিকিৎসকের ওপর হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও চিকিৎসক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।


