চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য ও রোগী হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেটে মহানগর এনসিপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়।
এ সময় নিজেদের কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগ করে দলটি।
এনসিপির অভিযোগ, দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আশিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন হামলার শিকার হয়েছেন
হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মইনুদ্দিন বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাব চলতে পারে না।
অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
দলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু বলেন, জনগণের অধিকার ও মর্যাদার প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না।
স্বাস্থ্যখাতকে সকল প্রকার সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
এর আগে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পূর্ব গেটে অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক ভাড়া নেওয়ার প্রতিবাদ করে এনসিপির নেতাকর্মীরা।
এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।


