পাবনার শহরে হোসেন আলী (৫৫) নামের এক ব্যক্তিকে ছেলের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২২) নামের এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে গুলি করে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত হোসেন আলীর বাড়ি পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামে এবং ছুরিকাঘাতে নিহত মনিরুল ইসলামের বাড়ি সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলে রোহান (১২) কে রাখতে গিয়েছিলেন হোসেন আলী। আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ছেলের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।
অপরদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব বিরোধের জেরে বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজের দুই শিক্ষার্থী রাকিব ও মনিরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব পাশের পুকুরে ঝাঁপ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে আটক করে।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুৃ হয় মনিরুলের।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, দুইজনকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রকৃত কারণ উদঘাটন ও তদন্তে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খুব শিগগরি হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি।


