নগরীর টেরিবাজারের কে বি অর্কিড প্লাজা নামের একটি মার্কেটের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন-পটিয়ার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। এ ঘটনায় মোহাম্মদ মামুন (২৮) নামের আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৯টা ৫৫ মিনিট আগুনের খবর পেয়ে তাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে হঠাৎ করে চতুর্থ তলায় আগুন লাগে। সেখান থেকে অনেককে বেরিয়ে আসতে দেখা যায়।
পঞ্চম তলায় সব টেইলার্সের কারখানা। আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে পারছিলেন না মোহাম্মদ ইউনূস ও সোলাইমান। আমরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মামুন নামের আরও একজনকে হাসপাতালে নিয়ে এসেছি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে অগ্নিকাণ্ডে আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও একজন হাসপাতালে ভর্তি আছেন।


