রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ৫৬ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার চেষ্টার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুহূর্তে গভীর পদ্মায় তলিয়ে যায়। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ৪ জনের মরদেহ এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় বাসটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। জাহাজ হামজা সর্বোচ্চ চেষ্টা করছে, তবে প্রতিকূল পরিবেশের কারণে পানির নিচ থেকে বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।


