back to top
সোমবার, মার্চ ৩০, ২০২৬
Single Page Top Banner

আলোচিত নেছার হত্যা মামলার আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদীসহ ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় নেছার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে মামলার বাদীসহ পুরো পরিবার। এমামলার একজন আসামি কর্তৃক হুমকি প্রদানের একটি কলরেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বুধবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত নেছারের পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। তারা জানান, হত্যাকাণ্ডের পরও আসামিরা থেমে নেই; বরং একের পর এক ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিরাজ মিয়া, আবদুল খালেক, মান্নান, হান্নান, আলম, লেড়াইয়া, সাজ্জাদ, মোশাররফ, মতিউর, হোসেন, আব্দুর রহমান বিশ্বাস, ওসমান, হাজেরা, সুলতানা, রোজিনা ও কহিনুর। তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, আসামিরা পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে। এমনকি নিজেদের বসতঘরে আগুন দিয়ে তা ভুক্তভোগীদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এতে করে তারা আরও বড় ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা করছেন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক। দীর্ঘদিন পার হলেও মূল আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

মামলার বাদী জালাল আহমদ বলেন, “নেছারকে হত্যার পরেও তারা খ্যান্ত হয়নি। তারা ধারাবাহিকভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং নতুন নতুন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

এসময় তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত