এক-এগারো সরকারের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলার অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান জোরদার হয়েছে। আফজাল নাছেরের আগে এই সরকারের আরও দুই বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ডিবি। বর্তমানে তারা দুজনেই রিমান্ডে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদাধীন আছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আফজাল নাছেরের গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই সময়ের অনেক অজানা তথ্য এবং চাঞ্চল্যকর নেপথ্য কাহিনী সামনে আসতে পারে।


