back to top
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

তিনি বলেন, কর্ণফুলী থানার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা।

অভিযানকারী দল বাসটি দেখতে পেয়ে থামার সংকেত দিলে বাসটি না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল বাসটিকে ধাওয়া করে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, বাসের সুপারভাইজার মো. আলী হোসাইন (৪২), হেলপার মো. আজিম (৪০) এবং চালক মুহাম্মদ রাশেল (৪৯)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

আটকের পর সংকেত অমান্য করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, গাড়িতে অবৈধ মাদকদ্রব্য থাকার কারণে তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসটির পেছনের অংশে বডির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় হলুদ রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন ছিল। একইভাবে হলুদ রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৭টি প্যাকেটে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম।

পুলিশ বলছে, উদ্ধার করা ৮ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা এবং ১৪ হাজার পিস ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, জব্দকৃত হেরোইন ও ইয়াবা কক্সবাজারে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বাসের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। সেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে এগুলো বিক্রির পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত