অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার এই প্রধান অভিযুক্ত রাহুল ও দাউদ নামেও পরিচিত।
বৃহস্পতিবার (৯ এএপ্রিল) এ রায় ঘোষণা করেন ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন। তাকে এ সাজা দেওয়া হয় রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায়। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মাদক কারবারী সন্দেহে আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। ওইসময় মাদক কারবারী পালানোর চেষ্টা করলে আটক করা হয় তাকে। পরে আটক ব্যক্তি নিজের নাম ফয়সাল বলে জানান। বাহিনীটি জানতে পারে, ওই ব্যক্তি আদাবর থানায় চুরির মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। তার বাসায় তল্লাশী চালায় র্যাব। সেখান থেকে ফয়সালের দেখানো মতে উদ্ধার করা হয় চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল। এ সময় তাকে অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে বললে দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় র্যাব-২ এর হাবিলদার মো. মশিউর রহমান পরদিন ৮ নভেম্বর মামলা করেন আদাবর থানায় অস্ত্র আইনে।


