চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনজন সাংবাদিক। হামলায় আহতরা হলেন চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাশ এবং স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই ঘটনা ঘটেছে।
আজ সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু হয়। এ খবরাখবর জানাতে সাংবাদিকরা ঘটনাস্থলে যান। দুপুরে সেখান থেকে লাইভে যুক্ত হন কয়েকজন টিভি সাংবাদিক। এ সময় তাদের ওপর হামলা করে কয়েকজন আইনজীবী। এর আগে সকালে এখন টিভির সাংবাদিকদের ফুটেজ সংগ্রহে বাধা দেওয়া হয়েছিল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম বলেন, সংবাদ সংগ্রহের সময় আমাদের ৩ সহকর্মীর ওপর হামলা করেছে কয়েকজন আইনজীবী। এর আগে কয়েকজনকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছিল। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা ফ্যাসিবাদী আচরণ বলে আমরা মনে করি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এগুলোর ফুটেজ যাচাই করে হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননা। আদালত প্রাঙ্গণের মতো স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় চট্টগ্রামের টেলিভিশন সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


