দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ শনিবার (২৩ মে)। নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট নেওয়া হবে।
এবার অর্ডিনারি ও আসোসিয়েট গ্রুপে ৬ হাজার ৭৬৫ জন ভোটার ৫৩ পরিচালক প্রার্থীর মধ্যে ১৮ জনকে নির্বাচিত করবেন।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন, চেম্বার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রতিটি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তা তদারকি করেন।
চট্টগ্রাম চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সফল করার লক্ষ্যে ভেন্যুসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ৪ হাজার জন, অ্যাসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
অর্ডিনারি গ্রুপের ৩৮ প্রার্থী থেকে ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৫ প্রার্থী থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন।
এবার মোবাইলসহ ভোট কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ভোট কেন্দ্রে প্রবেশে চেম্বার প্রদত্ত ভোটার আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। ছবির পাশে বৃত্তটি ভরাট করে অর্ডিনারি গ্রুপের ভোটার হলে ১২টি, অ্যাসোসিয়েট গ্রুপের ভোটার হলে ৬টি ভোট দিতে হবে। কম/বেশি ভোট দিলে বাতিল বলে গণ্য হবে। কোনো অবস্থায় ব্যালট পেপার ভাঁজ করা যাবে না।


