চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র্যাব-৭।
রোববার (২১ জুন) ভোরে র্যাব-৭ এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ রাকিব উদ্দিন জানান, র্যাব-৭ বাঘাইছড়ি থেকে একজনকে আটক করেছে বলে পুলিশকে অবহিত করেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব যুবদল নেতা মাকসুদুল হক হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব দীর্ঘদিন ধরে তার আত্মীয় শাহা আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ১৮ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যা করে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


