চট্টগ্রামের হালিশহর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মনজুর আলম’কে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে হালিশহর থানার পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভাইরাল ভিডিওটির সত্যতা, অর্থ সংগ্রহের উদ্দেশ্য এবং এটি নিয়মিত চাঁদাবাজির অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আটক হওয়া মনজুর আলম বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন, নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতে ব্যবসা করতে গেলে প্রায়ই কিছু ব্যক্তি বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করেন। অনেক ক্ষেত্রে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার কথা বলে টাকা আদায় করে থাকেন।


