বিশ্ববাজারে তেলের দামে কমেছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো দিয়ে তেল সরবরাহ বাড়তে থাকায় শুক্রবার (৩১ জুলাই) তেলের দামে চাপ তৈরি হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে মাসের হিসাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দামই প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো দিয়ে সরবরাহ কার্যক্রম বাড়তে থাকায় বাজারে তেলের দামে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে চলতি মাসের সামগ্রিক হিসাবে দুই বেঞ্চমার্কের দামেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।


