back to top
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
Single Page Top Banner

পুত্রবধূ গ্রেফতার

নামাজরত শাশুড়িকে দায়ের কোপে হত্যা পুত্রবধূর

চট্টগ্রাম ব্যুরো৷

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় শাশুড়িকে দায়ের কোপে হত্যার অভিযোগে পুত্রবধূ ছেনুয়ারা (২১) কে আটক করা হয়েছে। তার স্বামী মোঃ ইদ্রিস পেশায় একজন জেলে।

আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্ব পাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পুত্রবধূ ছেনুয়ারা বেগমের সঙ্গে শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।

প্রতিদিনের মতো আজ দুপুর আনুমানিক ৩টার সময় স্বামী মোঃ ইদ্রিস মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম নামাজরত তার শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর স্থানীয় লোকজন পুত্রবধূ ছেনুয়ারাকে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি নিজ শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

পরে এলাকাবাসী বিষয়টি বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ছেনুয়ারা বেগম (২৮) কে আটক করেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত