কর্ণফুলী নদীর তীরের ইছানগর খালের মুখ থেকে বড় সাম্পান মাঝিদের উচ্ছেদ চেষ্টা ও ঘনবসতি পূর্ণ এলাকায় উন্মুক্ত ড্রাইডক পরিচালনা করে এলাকায় রাসায়নিক দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছয় সংগঠন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, ভোরের আলো ও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনএর আজ সোমবার বিকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগর সি রিসোর্স সংলগ্ন সড়কে এক কিলোমিটার ব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, আড়াই হাজার বছর আগে থেকে কর্ণফুলীতে নৌযান তথা সাম্পান চলাচলের ইতিহাস রয়েছে। কিন্তু বন্দরের কিছু অসাধু কর্মকর্তা অতিলোভী ব্যবসায়ীদের সাথে মিশে চট্টগ্রাম তথা কর্ণফুলীর ঐতিহ্য সাম্পান মাঝিদের বিলুপ্ত করার চেষ্টা করছে বার বার। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, আগামী তিনদিনের মধ্যে মাঝিদের উচ্ছেদ বন্ধ ও উন্মুক্ত স্থানে ড্রাইডক কার্যক্রম বন্ধ না করলে মাঝিরা সকল প্রকার মালামালা জাহাজে আনা নেয়া বন্ধ করে দিবে। এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সি রিসোর্সের কার্যক্রম বন্ধ করে দিবে।

বক্তারা আরও বলেন, চট্টগ্রামের আইকন সাম্পান, হাজার বছর ধরে কর্ণফুলীতে চলে আসা সাম্পান জাতীয় ঐতিহ্যের অংশ, কর্ণফুলী নদীতে উৎযাপিত ঐতিহাসিক সাম্পান খেলা জাতীয় অনুষ্ঠান হিসাবে সংস্কৃতি মন্ত্রণালয় অধিভুক্ত। কর্ণফুলী নদীর সাম্পান ও সাম্পান মাঝি বিলুপ্ত ঝুঁকিতে থাকা ঐতিহ্য ও পেশা। ২০০৩ সালের পাটনিজীবী নীতিমালায় নদীতে একজন মাঝি তার সাম্পান নিয়ে অবস্থান করলে তাকে ঘাট ইজারা প্রদানসহ পেশা টিকিয়ে রাখার জন্য অন্যান্য প্রযোজ্য সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করে সি রিসোর্স নামের একটি কোম্পানী কর্ণফুলী নদীর কর্ণফুলী উপজেলা বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন তিনশতাধিক মাঝিদের ব্যবহৃত সাম্পান ঘাট ও পোতাশ্রয় থেকে উচ্ছেদ করার অপচেষ্টা করছে। বন্দর কর্তৃপক্ষের এসিসটেন্ট ম্যানেজার (এস্টেট-২) মোহাম্মদ রায়হান উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে মাঝিদের নদীর তীরবর্তি স্থান থেকে সাম্পান সরিয়ে নেওয়ার জন্য বিগত ১২ জানুয়ারী ২০২৬ তারিখে নোটিশ প্রদান করেন। মাঝিরা বিভিন্ন ভাবে তাদের অনুরোধ করলেও তার তোয়াক্কা না করে মাঝিদের উচ্ছেদের অভিয়ান পরিচালনার ঘোসণা দেয়ায় ক্ষেপে যায় কর্ণফুলী চরপাথরঘাটা ও ইছানগর এলাকার সর্বস্তরের জনগণ।
কর্ণফুলী উপজেলা বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল এর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার ও বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মীর্জা ইসমাইল, সভাপতি এস এম পেয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল প্রমুখ।


