কুমিল্লার হোমনা মনিপুর এলাকায় একটি বসতঘর থেকে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী ও তাদের চার বছরের ছেলে হোসাইন এবং সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া জইনুদ্দিনুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা হোমনা থানা (ওসি) তদন্ত দীনেশচন্দ্র দাস জানান, একটি ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে একটি নারী ও দুটি শিশু। আমরা এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়েছি। নিহতদের গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। তাদেরকে হত্যার কারন এখন বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির টিম কুমিল্লা থেকে এসে তদন্ত শুরু করলেই ঘটনার কারণ উদঘাটিত হওয়া শুরু করবে। আমরা প্রাথমিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।
জানা গেছে, হোসাইন ও জুবায়ের চাচাতো ভাই। জুবায়ের গত রাতে তার চাচার ঘরে হোসাইন ও চাচী সুখীর সঙ্গে ঘুমিয়েছিল। পরে সকালে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।


