উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবার শুরু হবে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার পরে গত বছরে ৪ জুন উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। তবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ৩১ মে ফাইনালের দিন সমাপ্তি অনুষ্ঠান হবে।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বোর্ড এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।”
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী ২৮ মার্চ প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন বিরাট কোহলির আরসিবি মুখোমুখি হবে সানরাইজ়ার্স হায়দরাবাদের। প্রয়াত ১১ জনকে শ্রদ্ধা জানাতে একাধিক পরিকল্পনা নিয়েছে আরসিবি এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। গত ৬ জুনের ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশপথে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। সেখানে ১১ জনের নাম খোদাই করা আছে। ২৮ মার্চ উদ্বোধন হবে এই স্মৃতিসৌধের। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচেও এই ১১টি আসনের টিকিট বিক্রি করা হবে না। কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ওই ১১ জন চিন্নাস্বামীতে চিরকাল খেলা দেখবেন। কেউ তাঁদের আসনে বসতে পারবেন না। এটাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে মৃতদের শ্রদ্ধা জানাবেন বিরাট কোহলিরাও। এক মিনিট নীরবতা পালন করা হবে। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠবে ১১ জনের নামও।


