একীভূত পাঁচ ব্যাংকের শাখায় আমানতকারীরা ‘হেয়ার কাট’ বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং কষ্টার্জিত আমানতের টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১১ মে) নগরের এনায়েত বাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন শাখায় এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে জমাকৃত অর্থ তুলতে না পেরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন। সকালে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় অবস্থান নিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে আরও কয়েকটি একীভূত ব্যাংকের শাখায় যাওয়ার কথাও জানান তারা।
ভুক্তভোগী আমানতকারীরা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের আমানতকারীরা মাত্র ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন।
একজন ভুক্তভোগী বলেন, তিন-চার মাস নয়, প্রায় এক বছর ধরে আমরা ব্যাংকে ব্যাংকে ঘুরছি। কোনো আশ্বাস পাচ্ছি না। সন্তানদের সেমিস্টার ফি দিতে পারছি না, ঈদের কেনাকাটা করতে পারছি না। আমাদের সঞ্চয়ের টাকা ফেরত চাই। আমরা ব্যাংক ছেড়ে যেতে চাই না। ধীরে ধীরে টাকা দিলেও হবে, কিন্তু লেনদেন স্বাভাবিক করতে হবে। আমাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিন দফা দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় শাখায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন ব্যাংকের গ্রাহকরা। দাবিসমূহ হলো: অবিলম্বে আমানতের টাকা ফেরত দিতে হবে, হেয়ার কাট বাতিল করতে হবে, সকল প্রকার লেনদেন স্বাভাবিক করতে হবে।


