চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদে সন্ত্রাসীদের গোলাগুলি’তে গুরুতর আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল এবং আজ সকালে মারা যায়।
গত বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। ওই সময় পানি আনতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে শিশু রেশমীও গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।
প্রাথমিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


