নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কাশবন রেস্টুরেন্টের কর্মচারীদের বাসা থেকে উক্যসিং মারমা (২২) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে পুলিশ খুনে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে।
নিহত যুবক রাঙামাটি জেলার রাজস্থলী থানার ঢলিয়াপাড়া গ্রামের মৃত অংথোয়াইচিং মারমার ছেলে। তিনি বহদ্দারহাটে কাশবন রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে হত্যার অভিযোগে একই রেস্টুরেন্টে কর্মরত থুইসানু মারমা নামের আরও এক হোটেল বয়কে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গ্রেপ্তার হওয়া থুইসানু রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, কাশবন হোটেল বয়ের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে মনে হলেও পরে পুলিশ জানতে পারে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় থুইসানু মারমা নামের আরেক হোটেল বয়কে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, পাওনা ৩ হাজার টাকার জন্য এই খুনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, যিনি মারা গেছেন, তাঁর কাছ থেকে টাকা পেতেন আসামি থুইসানু। গত পরশু এটা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছিল।
ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে শুক্রবার কোনো এক সময় ভিকটিমকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়।


