back to top
সোমবার, মে ১৮, ২০২৬
Single Page Top Banner

অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে

ডেস্ক নিউজ:

অন্তর্বর্তী সরকার ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, “পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেছেন, তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশেরই ‘১২টা বাজিয়ে গেছেন’। আমার ঢাকা শহরকে এই ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছেন।”

রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে শুধু বক্তব্য দিলেই হবে না, কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘বলাটা সহজ, কিন্তু কার্যকর করাটা অনেক কঠিন। তবে আমাদের প্রধানমন্ত্রী কঠিনকে সহজভাবে নিয়ে কাজ করেন এবং ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।’

আবদুস সালাম বলেন, ‘অপরিকল্পিত নগরায়ণের কারণে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে ১৫-২০ লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ বসবাস করছে। এতে হকার ও যানজট সমস্যা আরও প্রকট হয়েছে।’

ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, ‘নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের ওপর চাপ অনেক কমানো সম্ভব হতো এবং পরিবেশও রক্ষা পেত।’

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে জানিয়ে আবদুস সালাম বলেন, ‘ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

কোরবানির ঈদ সামনে রেখে তিনি বলেন, ‘একদিনে রাজধানীতে লক্ষাধিক পশু কোরবানি হয়, যা বড় ধরনের ব্যবস্থাপনার বিষয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।’

তিনি বলেন, ‘ঢাকা শহরকে রক্ষা করতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না।’

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত