back to top
বুধবার, মে ২০, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম বন্দরে জাহাজে নাবিকদের মারামারিতে থাই নাগরিক নিহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নাবিকের নাম রাফিপং কালহান (৩০), তার বাবার নাম সান্যপং কালহান এবং তিনি থাইল্যান্ডের নাগরিক। তিনি থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি কে.পি.পি-০১’ নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। জাহাজটি থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে তেল নিয়ে গত ১১ মে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়, এবং গত ১৭ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের আনোয়ারার অংশে সমুদ্রের চার্লি এঙ্করেজ পয়েন্টে অবস্থানরত জাহাজটিতে কর্মরত দুইজন বিদেশি ক্রুর মধ্যে মারামারি বাধে। এই সংঘর্ষের একপর্যায়ে ভিকটিম রাফিপংকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

শিপিং এজেন্টের কর্মকর্তা মো. সোহেল উদ্দিন ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে (লাশ ঘর) রাখা হয়েছে। সোহেল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত