বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের সেবায় হঠাৎ বিঘ্ন দেখা দেওয়ায় বিপাকে পড়েন লাখো ব্যবহারকারী।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পর থেকে ধাপে ধাপে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যা শুরু হয়।
ব্যবহারকারীরা জানান, প্রথমে মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে অনেকের অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়। এরপর বার্তা পাঠানো ও গ্রহণে সমস্যা দেখা দেয়।
কিছুক্ষণ পর ফেসবুকের নিউজফিড লোড না হওয়া, পোস্ট দেখতে না পারা এবং অ্যাকাউন্টে প্রবেশে জটিলতার মতো সমস্যাও শুরু হয়।
হঠাৎ এ ধরনের পরিস্থিতিতে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। কেউ কেউ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে লগআউট হয়েছে বলে প্রথমে উদ্বিগ্ন হয়ে পড়েন।
তবে অল্প সময়ের মধ্যেই এটি যে বৈশ্বিক বা বৃহৎ পরিসরের প্রযুক্তিগত সমস্যার অংশ, তা স্পষ্ট হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও অনলাইন ফোরামে অসংখ্য ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানান। ফলে অনেকেই স্বস্তি পান যে এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের কোনো সমস্যা নয়।
তবে এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান- এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, সার্ভারজনিত বা কারিগরি ত্রুটির কারণেই সাময়িক এ বিপর্যয় দেখা দিতে পারে।
এর আগে বিভিন্ন সময়ে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবায় বৈশ্বিকভাবে বিঘ্ন দেখা দিয়েছে। সাধারণত প্রযুক্তিগত ত্রুটি শনাক্তের পর দ্রুত সেবা স্বাভাবিক করা হয়।
ফেসবুক ব্যবহারকারী অনেকেই বলেন, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম হওয়ায় কয়েক মিনিটের এমন অচলাবস্থাও তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিশেষ করে মেসেঞ্জার থেকে হঠাৎ লগআউট হয়ে যাওয়ায় অনেকে প্রথমে নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন লব্যবহারকারীরা।


