খাদ্য উৎপাদনে গুরুতর অনিয়মের অভিযোগে আবুল খায়ের ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।
শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চিফ মেট্রোপলিটন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘কারখানার বিভিন্ন পর্যায়ে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘পরিদর্শনের সময় খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণে বিষাক্ত পদার্থ (প্লাস্টিক) ব্যবহারের উপস্থিতি, চানাচুর, চিড়া ও বুট উৎপাদনে পোড়াতেলের ব্যবহার এবং উৎপাদন এলাকায় বর্জ্য পদার্থ সংরক্ষণের মতো অনিয়ম ধরা পড়ে।’
‘এছাড়া খাদ্যদ্রব্যের মোড়কীকরণে নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করা, মোড়কে বিভ্রান্তিকর তথ্য সংযোজন, অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো ফ্রুট পাল্প সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য উৎপাদনে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার ঘটনাও পাওয়া যায়।’
ফারহান ইসলাম বলেন, ‘এসব অনিয়ম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার পরিপন্থি। তাই প্রচলিত আইনের আওতায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’


