back to top
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Single Page Top Banner

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

ডেস্ক নিউজ:

সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে একদিনের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। তবে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।


তিনি জানান, ৩০ জুলাইয়ের কর্মসূচির মধ্যে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতি না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

সংগঠনের নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে ফিলিং স্টেশন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তাদের দাবি, প্রতি ঘনমিটারে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বর্তমান কমিশনের সঙ্গে আরও ৫ টাকা ৯৬ পয়সা যোগ করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন।

এ ছাড়া ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে কমিশনও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের ব্যবস্থা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে নতুন করে জামানত আদায় বন্ধ এবং সড়ক ও জনপথ বিভাগের ইজারা ফি ও বিভিন্ন সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত