back to top
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Single Page Top Banner

দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

কালবৈশাখী ঝড়ের সময় সুনামগঞ্জে পাঁচজনসহ ৬ জেলায় ১২ জন বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জে ৫, রংপুরে ২, ময়মনসিংহে ২, হবিগঞ্জে ১, নেত্রকোণায় ১ ও কিশোরগঞ্জে ১ জন নিহত হন। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক প্রতিবেদন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের চার উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে হাওরে ধান কাটা ও হাঁস চরানোর সময় পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

জানা গেছে, শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হবিবুর রহমানসহ (২২) দুজন বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া প্রায় একই সময়ে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় নূর জামাল নামে আরেকজনের মৃত্যু হয়। অন্যদিকে, তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চরানোর সময় আবুল কালাম ও দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে হাওরে ধান কাটার সময় লিটন মিয়া নামে আরও একজন বজ্রপাতে নিহত হন।

রংপুর: রংপুরের মিঠাপুকুরে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুসহ অন্তত ৭ জন। উপজেলার বড় হযরতপুর  ইউনিয়নের সখীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সখীপুর গ্রামের একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন দাঁড়িয়ে তা দেখছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো করে বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে একটি বজ্রপাত হয়। তখন আতঙ্কে সেখানে উপস্থিত সবাই দিগিবিদিক ছোটাছুটি করে কয়েকজন জ্ঞান হারান। একই সঙ্গে দগ্ধও হন কয়েকজন।

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এ সময় হাওরে ধান কাটার কাজে থাকা অবস্থায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহের গৌরীপুরে দুজন ও নেত্রকোণার আট পাড়ায় ধলার হাওরে একজন ও কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় এক কৃষক নিহত হয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত