চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে ইন্দ্রপুল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘হিমাচল পরিবহন’র একটি পর্যটকবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে ‘এভারগ্রিন’ পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাস দুটি ইন্দ্রপুল গোলচত্বর অতিক্রম করে সেতুর ওপর পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার জানান, আহত ২১ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাসের চালক সড়কের দিকনির্দেশনা ঠিকমতো বুঝতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


