চান্দগাঁও থানাধীন টেকবাজার সংলগ্ন এলাকায় ৪ বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) রাতে চান্দগাঁও থানার সিএন্ডবি টেকবাজার এলাকার ইব্রাহিম কলোনিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আশফাকুর রহমান। তিনি ওই এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার নিয়মিত ওই দোকান থেকে কেনাকাটা করত। বাসার পাশেই দোকান হওয়ায় শিশুটি প্রায়ই খেলতে খেলতে দোকানের সামনে যেত। গত ১৫ মে রাতে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
মামলায় বলা হয়েছে, অভিযুক্ত আশফাকুর শিশুটির পরিহিত প্যান্টের সামনের অংশ কেটে তাকে যৌন নির্যাতন করেন। ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখে।
শুক্রবার ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের আশ্বাসে শিশুটির মা চান্দগাঁও থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


