চট্টগ্রামের ১৯ নং বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন “আলোকিত দেশ” পত্রিকার সাংবাদিক দিদার। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১মে) বিকেলে শিশু ধর্ষণের ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে গেলে বিক্ষুব্ধ কিছু লোক সাংবাদিক দিদারকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার মোটরসাইকেলের ওপর হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। এসময় উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে এসে সাংবাদিক দিদারকে উদ্ধার করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, একজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে শিশু ধর্ষণের ঘটনাটি নিয়েও এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


