আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহার করে নানান অপ্রপ্রচারের আশংকা করছিলেন দেশের সচেতন মহল৷ ইতিমধ্যে নানান ভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিম্ন প্রার্থী ও দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠতে শুরু করেছে৷ চট্টগ্রামে সীতাকুন্ড আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি “ভোটার সম্মানি রশিদ” ছড়িয়ে পড়েছে৷ যে ব্যাপারে প্রার্থীর পক্ষ থেকে বিবৃতি প্রদান করে “মিথ্যা গুজব ছড়িয়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত না করার আহবান” জানানো হয়েছে৷ একই সাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রার্থীর এজেন্ট মোঃ মোরছালিন৷
এদিকে বেলা বাড়ার সাথে সাথে সেই “ভোটার সম্মানি রশিদ” হাতে এক বয়ষ্ক নারীর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াতে থাকে৷ দৈনিক এখনই সময় এর হাতে আসা সেই ছবিটিকে এআই চেকারের মাধ্যমে যাচাই করা হলে একটি সাইট সেই ছবিটিকে ৯৮% ফেইক বা এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করে৷ এই প্রতিবেদন আরও নিশ্চিত হতে আরেকটি সাইটে সেই একই ছবিটি ক্রস চেকে দিলে ফলাফল আসে ১০০% নকল ছবি অর্থাৎ সম্পূর্ণ ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো৷

উল্লেখ্য আজ সকাল থেকে একটি আসলাম চৌধুরীর ছবি সম্বলিত “ভোটার সম্মানি রশিদ” সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েলে প্রার্থীর পক্ষ থেকে বিবৃতি প্রদান করে “মিথ্যা গুজব ছড়িয়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত না করার আহবান” জানানো হয়েছে৷
গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-
সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর নামে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছে কুচক্রীমহল। আসলাম চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এরকম অনৈতিক পথ অবলম্বন করছেন ফেইক আইডির মালিক বট বাহিনী ।
সম্প্রতি ভোটার সম্মানি রশিদ নাম দিয়ে একটি এআই কিংবা ফটোশপ জেনারেটেড স্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি মহল, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আসলাম চৌধুরীর মতো জনপ্রিয় গ্রহণযোগ নেতাকে টাকা দিয়ে ভোট নিতে হবে না। দেশের সাধারণ সচেতন মানুষ মাত্রই এই অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন বলে আমাদের বিশ্বাস।
আমরা স্পষ্ট করে বলতে চাই, অনৈতিক পন্থা অবলম্বন করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড এবং এলাকার মানুষের সাথে সম্পৃক্ততাই আমাদের পুঁজি। জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অর্থ, পেশীশক্তি কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা নির্বাচনী বৈতরণী পার করার দিবাস্বপ্নে মশগুল, তাদের এ চিন্তা বুমেরাং হবে ইনশাল্লাহ।
আমরা নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি একটি নেতিবাচক প্রচারণাও করিনি কিংবা প্রতিপক্ষের সম্মানহানি হয়, এরকম কোনো এক্টিভিটি আমাদের পক্ষ থেকে হয়নি। সুতরাং সংশ্লিষ্টদেরকে মিথ্যা রটনা আর সম্মানহানি করে ভোটের পরিবেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা থেকে সরে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।
জনগণের প্রতি আহবান, মিথ্যা গুজবে কান দিবেন না, যাচাই বাছাই করে সিন্ধান্ত নিন৷


